সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির ২০২৭-২৮ মেয়াদের নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে নির্বাচন কমিশনার এমএম সালাহউদ্দিন মোল্লার সার্বিক নির্দেশনায় নির্বাচনী তফসিল ঘোষণা করেন সাংবাদিক কামরুজ্জামান মিলন ও লতিফুর রহমান দিপু।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ অক্টোবর বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ অক্টোবর। প্রার্থীরা ২৬ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ করা হয়েছে। সবশেষে ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
নির্বাচনী তফসিল অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হবে।
২০০৬ সালে প্রতিষ্ঠিত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন কমিটি নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশ বজায় রেখে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা করা হচ্ছে।