সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

শনিবার (১৫ আগস্ট) বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকায় আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনে বেগম খালেদা জিয়া দৃঢ়তার পরিচয় দিয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি জনগণের অধিকার নিয়ে আপস করেননি। দেশ ও জাতির কল্যাণে তাঁর ত্যাগ এ দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও আদর্শ বিএনপির নেতাকর্মীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ওপর নির্যাতন চালিয়ে দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছিল। যেকোনো স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, আল মুজাহিদ মল্লিক, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাদিকুর রহমান সেন্টু, যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা, সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।