সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামার বাড়িতে বেড়াতে এসে নবনির্মিত দেয়াল ধসে চাপা পড়ে আরমান হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আরমান হোসেন উপজেলার সনমান্দী পশ্চিমপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটি উপলক্ষে সনমান্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে মামা মোর্শেদ ভূঁইয়ার বাড়িতে বেড়াতে এসেছিল আরমান। শুক্রবার বিকেলে ওই বাড়ির একটি নবনির্মিত দেয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ভারী ইট ও সিমেন্টের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আরমানের মামা মোর্শেদ ভূঁইয়া জানান, তাঁর ভাগনে আরমান সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। দুর্গাপূজার ছুটিতে বেড়াতে এসেছিল সে। শুক্রবার বিকেলে অসাবধানতাবশত দেয়ালটি ধসে আরমানের মাথার ওপর পড়ে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অল্প বয়সে আরমানের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। আনন্দের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসে এভাবে প্রাণ হারানোর ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।