
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এক আসামি, ২৫ মাদকসেবী, দুই ওয়ারেন্টভুক্ত আসামি ও চুরি মামলার এক আসামিসহ ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক এর নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় মো. আলী আজগর (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদকসেবী হিসেবে ২৫ জন, চুরি মামলায় মো. আরিফ (২২) এবং বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত মো. সাকিব (২১) ও মো. মানিক মিয়া (মহিউদ্দিন) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি অন্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, মাদক নির্মূল, অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।