
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার উপদ্রব কমাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের সোনাপুর এলাকায় ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাসুম আহমেদের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচির আওতায় এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন, জমে থাকা পানির স্থান ও আবাসিক এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মাসুম আহমেদ বলেন,“জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। কাঁচপুর একটি ব্যস্ততম শিল্পাঞ্চল। এ এলাকায় পরিবেশ পরিচ্ছন্ন রাখা, ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং মশার বংশবিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। গত এক সপ্তাহ ধরে আমরা নিয়মিত মশক নিধন কার্যক্রম চালিয়ে আসছি। ৪ নম্বর ওয়ার্ডের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও মশার উপদ্রব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
এদিকে, তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সোনাপুর এলাকার বাসিন্দারা। তাঁদের মতে, মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে ডেঙ্গুর ঝুঁকি কমাতে সহায়ক হবে। একই সঙ্গে তাঁরা এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ কামনা করেন।
স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, পানির পাত্র নিয়মিত পরিষ্কার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি।