
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ছয়টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং আয়োজকদের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পূজা উদ্যাপনের বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় আব্দুল্লাহ আল মামুন বলেন, ধর্ম যার যার, দেশ সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে।
তিনি আরও বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।