
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপূজার সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান তিনি। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন।
জানা গেছে, ব্যক্তিগত সফরের অংশ হিসেবে উপ-হাইকমিশনার পরিবারের সদস্যদের নিয়ে পূজামণ্ডপে উপস্থিত হন। তাঁর আগমনকে কেন্দ্র করে মণ্ডপের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি পূজামণ্ডপের মালিক অমল পোদ্দার (সিআইপি), পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার, পানাম গ্রুপের সিনিয়র জিএম (অ্যাডমিন ও এইচআর) আতিকুল ইসলামসহ পূজামণ্ডপের ভক্তরা।
পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার বলেন, ভারতীয় উপ-হাইকমিশনার পূজামণ্ডপ পরিদর্শনে এসেছেন। তিনি তখনো সেখানে অবস্থান করছিলেন। তবে তাঁর এই সফর ব্যক্তিগত নাকি সরকারি, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, উপ-হাইকমিশনারের আগমনের আগমুহূর্ত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে মণ্ডপের আশপাশে অবস্থান নেন। তাঁরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ভারতীয় উপ-হাইকমিশনার পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত সফরে সোনারগাঁয়ে এসেছেন। এ সময় তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এটি কোনো সরকারি সফর ছিল না।