
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক কারবার ও সেবন বন্ধ, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত ওসি।
ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোনারগাঁয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করা হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাইসহ নানা অপরাধের চিত্র তুলে ধরেন। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সভায় মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ, চুরি-ছিনতাই ও ডাকাতি দমনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।